নির্বাচনি প্রচারণাকালে ইসলামী আন্দোলনের নেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি
ইসলামী আন্দোলনের কর্মী ও বৃদ্ধা মায়ের ওপর হামলার প্রতিবাদে বেতাগীতে জামায়াতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা-২ আসনে নির্বাচনি প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর বৃদ্ধা মায়ের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বেতাগী উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টার দিকে বামনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের মাঠকর্মী মো. হাসিব (২৫), মো. ইউনুস (২৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা নাসির উদ্দিন (৪০)-এর ওপর হামলা চালায়। এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাঁকে গুরুতর আহত করা হয়।
ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ মা মিনারা খাতুনের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি মিজানুর রহমান কাশেমী বলেন, একজন আলেম ও তাঁর অসহায় বৃদ্ধ মায়ের ওপর হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, এটি নারী সম্মান, পারিবারিক মর্যাদা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।
ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত বিষয়ে মত প্রকাশের কারণে সন্ত্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি নিজেদের কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।














