আইনি জটিলতা ও ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
পটিয়ার সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েও জামায়াতকে সমর্থন দিল এলডিপি
- আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম-১২) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েও জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
জানা যায়, ১১ দলীয় জোটের আসন বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী পটিয়া আসনটি এলডিপির জন্য নির্ধারিত থাকলেও আইনি জটিলতার কারণে নির্বাচনী প্রচার শুরুর দুই দিন পর, গত ২৪ জানুয়ারি এলডিপি প্রতীক বরাদ্দ পায়। এই সময়ের মধ্যে জামায়াত প্রার্থী এলাকায় ব্যাপক প্রচার চালায়।
ফলে পটিয়ার ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে গত ২৬ জানুয়ারি জামায়াতে ইসলামী এলডিপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এরপর থেকে ছাতা প্রতীক নিয়ে এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী নির্বাচনী প্রচার কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এরই মধ্যে গত ২৯ জানুয়ারি দুপুর ২টায় চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলডিপি প্রার্থী এম এয়াকুব আলী হঠাৎ করেই জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলমকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ নির্বাচনী সময় নষ্ট হয়ে গেছে। পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণেও তিনি নির্বাচনে আর এগোতে চান না। এসব বিবেচনায় তিনি জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এলডিপির এই ঘোষণা প্রচারিত হওয়ার পরপরই পটিয়ায় জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলমকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এক বিজয় মিছিল বের করা হয়।














