নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতীকের প্রতিনিধিদের অর্থদণ্ড
মণিরামপুরে আচরণবিধি ভাঙায় প্রশাসনের চিরুনি অভিযান, ৪ প্রার্থীর প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর পরিচালিত পাঁচটি ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশপথে বেআইনিভাবে নির্বাচনী ব্যানার টানিয়ে সরকারি স্থাপনার পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর ৭(গ) ধারা অনুযায়ী কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একইসঙ্গে জনসম্মুখে গাছে নির্বাচনী পোস্টার ও প্রচারসামগ্রী ঝুলিয়ে প্রকাশ্য আইন অমান্যের অভিযোগে শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পরিচালিত তিনটি পৃথক ভ্রাম্যমাণ আদালতে ধানের শীষ, হাতপাখা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ আলোকসজ্জা ব্যবহার করে আচরণবিধিমালা–২০২৫ এর ১৩(গ) ধারা লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে মণিরামপুর থানা পুলিশ ও অস্থায়ী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নে কোনো প্রার্থী বা প্রতীকের জন্য বিশেষ ছাড় নেই। ভবিষ্যতে আইন অমান্যের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।














