ফরিদপুরের সালথা বাইপাস সড়কে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত
ইসলামের শুরু থেকেই নানা বাধা ও প্রতিকূলতা ছিল — সালথায় রিক্সা প্রতীকের প্রচারণা সমাবেশে শাহ্ আকরাম আলী
- আপডেট সময় : ০৯:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় একতাবদ্ধ ছাত্রসমাজের উদ্যোগে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর রিক্সা প্রতীকের নির্বাচনী প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় সালথা বাইপাস সড়কে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, ইসলামের শুরু থেকেই নানা বাধা ও প্রতিকূলতা ছিল।
আজও ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়—সত্য সব সময় বিজয়ী হয় আর মিথ্যা পরাজিত হয়।
তিনি আরও বলেন, আমরা দৃঢ় মনোবল নিয়ে মাঠে থাকবো। প্রয়োজনে রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সংগ্রামে যুব সমাজ পূর্ণোদ্যমে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন খান এবং সঞ্চালনা করেন হাফেজ আবু মুসা। সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ শামসুল হক, আল্লামা শাহ্ আকরাম আলীর বড় ছেলে মুফতি ইমরান হোসাইন, সালথা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ, বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন, সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়জুল্লাহ আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে রিক্সা প্রতীকের সমর্থনে একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়, যা সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।














