কালীবাড়ী প্রবাহমান খালের ৩০ শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, তদন্তের আশ্বাস প্রশাসনের
আমতলীতে ভূমি অফিসের ড্রাইভারের নামে খালের জমি বন্দোবস্ত! বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৪:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু | আমতলী,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় প্রবাহমান একটি গুরুত্বপূর্ণ খালের জমি ভূমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে বন্দোবস্ত দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত বন্দোবস্ত বাতিলের দাবিতে শতাধিক নারী-পুরুষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী এলাকার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ প্রবাহমান খালের ভেতরে ২০১৯-২০২০ অর্থবছরে ৩০ শতাংশ খাল-নাল জমি দেখিয়ে বন্দোবস্ত দেওয়া হয়।
বন্দোবস্তপ্রাপ্তরা হলেন আমতলী ভূমি অফিসের ড্রাইভার মো. সোহেল (পিতা- আব্দুর রহিম) ও তার স্ত্রী সানিয়া আক্তার। সংশ্লিষ্ট উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির সুপারিশে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
বুধবার (তারিখ অনুযায়ী) বেলা ১১টার দিকে মো. সোহেল তার লোকজন নিয়ে খালের ভেতরে পাইলিংয়ের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দিলে কাজ বন্ধ করে সরে যায় তারা। এরপর কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিক্ষোভ মিছিল করেন।
ভুক্তভোগী মো. মোমেন আকন জানান, কালীবাড়ী খালের পানি দুই শতাধিক পরিবার দৈনন্দিন ব্যবহার করে থাকেন। পাশাপাশি এই খালের পানি দিয়ে শত শত একর কৃষিজমিতে চাষাবাদ করা হয়। খালের মুখে ৩০ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং কৃষি ও জনজীবনে মারাত্মক বিপর্যয় দেখা দেবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. মোমেন আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নিজ কার্যালয় থেকে নেমে এসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম বলেন, “যদি বন্দোবস্তে কোনো অনিয়ম পাওয়া যায়, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






















