মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার, আপেল মার্কায় ভোট চাইলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলেন শেখ রায়হান রাহবার
- আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেছেন সংগঠনের মহাসচিব ও নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী শেখ রায়হান রাহবার।
নারায়ণগঞ্জ নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন রূপগঞ্জ মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আদর্শ ও দর্শন তুলে ধরেন শেখ রায়হান রাহবার।
ইশতেহারে তিনি বলেন, ভাই-বোন সবার সমান অধিকার ও মর্যাদাভিত্তিক জীবনব্যবস্থাই ইনসানিয়াত বিপ্লবের মূল দর্শন। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বৈষম্য নয়—মানুষকে মানুষ হিসেবে দেখাই এই রাজনীতির মূল লক্ষ্য।
ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সকল নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।
শেখ রায়হান রাহবার বলেন, ইনসানিয়াত বিপ্লব ছাড়া বস্তুবাদী চেতনার ভিত্তিতে বৈষম্য, বিভেদ ও বিদ্বেষ মানবসত্তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একমাত্র ইনসানিয়াত বিপ্লবই সব মানুষের জন্য অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের দিশা দেয়।
৪৭ দফা ইশতেহারে ‘মানবতার রাষ্ট্র চাই’, ‘মা-বোন ও শিশুদের আতঙ্কের অবসান’, ‘সব মানুষের সমান অধিকার ও নিরাপত্তা’ নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে রাষ্ট্রের সকল সম্পদের মালিকানা জনগণের—এমন নীতিগত অঙ্গীকারও তুলে ধরা হয়।
তিনি রাষ্ট্রে সকল ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত-এর নির্দেশনায় ঢাকা মহানগর সভাপতি আওয়াল আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা চিশতীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














