হাজার হাজার আশেক-ভক্তের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনব্যাপী কর্মসূচি
ফটিকছড়িতে শাহ সুফি সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-মাইজভান্ডারীর ৮৯তম খোশরোজ শরীফ উদযাপন
- আপডেট সময় : ০৩:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

হাজার হাজার আশেক-ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী, ইউছুফের ছানি, জামালে মোস্তফা, হযরত শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ (বাবা ভান্ডারী)’র সুযোগ্য নাতি, সুফীকুল শিরোমণি, শাইখুল ইসলাম আলহাজ্ব শাহ সুফি মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভান্ডারীর ৮৯তম পবিত্র খোশরোজ শরীফ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি-নিষেধের কারণে পূর্বঘোষিত ২৭শে মাঘের পরিবর্তে গত ১২ মাঘ, সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খোশরোজ শরীফ পালন করা হয়।
খোশরোজ শরীফে ছদারত ও আখেরি মোনাজাত পরিচালনা করেন বাবা ভান্ডারীর নাতি, আওলাদে গাউছুল আজম, গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ সুফি মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ আল-হাসানী আল-ওয়াল-হোসাইনী মাইজভান্ডারী (ম.)। এ সময় তিনি বলেন, কেউ বিপদে পড়লে মাইজভান্ডারী তরিকার পবিত্র সাজারা শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে ইনশাআল্লাহ মুশকিল আসান হবে।
আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে খোশরোজ শরীফ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার গোসল, জিয়ারত, গিলাফ পরিধান, আতর ছিটানো, জিকির-আজকার, মিলাদ ও ওয়াজ মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।
খোশরোজ শরীফে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার আশেক-ভক্ত ও মুরিদরা হুজুরের ফয়েজ হাসিলের উদ্দেশ্যে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ শতাধিক স্বেচ্ছাসেবক নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে খোশরোজ শরীফের কর্মসূচির সমাপ্তি ঘটে।














