নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে সাহিত্য ও সমাজসেবায় অবদান রাখাদের সম্মাননা
নান্দাইলে ঈশা খাঁ’র জন্মবার্ষিকী উপলক্ষে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির |
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ শতাব্দীর বাংলার বারো ভূঁইয়াদের প্রধান বীর জমিদার ঈশা খাঁ’র জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ‘বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) নান্দাইল উপজেলার বীর বেতগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামে কবি আবদুল হান্নান ইউজেটিক্স-এর জন্মভিটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচডিএস ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ বেতার-টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার কবি আবদুল হান্নান ইউজেটিক্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম।
আলোচনা সভায় সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি ও গীতিকার আবদুল হান্নান ইউজেটিক্স এবং চিকিৎসা সেবা ও সাহিত্যচর্চায় অবদানের জন্য ডা. তানভীর হাসান তানিম-এর হাতে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেন অতিথিবৃন্দ।
শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও যুবদল নেতা আব্দুস সামাদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মুকুল, এডভোকেট খাইরুল ইসলাম, সাংবাদিক শামছুজ্জামান বাবুল, কবি কামরুল ইসলাম জুয়েল, সংস্থার নান্দাইল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল হাসান মুক্তি, সমাজসেবক নুরুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির ও সাংবাদিক হুমায়ুন কবির।
বক্তারা ঈশা খাঁ’র স্বাধীনচেতা চেতনা, বীরত্বগাথা ইতিহাস ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএইচডিএস-এর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














