কানাইপুর ইউনিয়নে পায়ে হেঁটে ভোট প্রার্থনা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর
ফরিদপুর-০৩ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ, জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ
- আপডেট সময় : ১০:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ
প্রচারণা শুরুর চতুর্থ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ফরিদপুর-০৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।
শনিবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় পায়ে হেঁটে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কারণে জনগণের মধ্যে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা তৈরি হয়েছে। তবে ভোটারদের বোঝানো হলে তারা বিষয়টি অনুধাবন করছেন এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে কিছু কর্মী গ্রামে গ্রামে ঘুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হবে বলেও তিনি জানান।
চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিয়ে প্রাচীন জেলা ফরিদপুরকে বিভাগে উন্নীত করেনি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের ভোট ও সমর্থন কামনা করেন।














