সংবাদ সংগ্রহকালে পুলিশের সামনেই সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত পলাতক
ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনে গণমাধ্যম কর্মীর ক্যামেরা ভাঙচুর
- আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মো. আরফান আলী | ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকূরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই গণমাধ্যম কর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকূরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে।
একটি ঘটনায় তদন্ত করতে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক ব্যক্তি অতর্কিতভাবে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় সে এক সাংবাদিকের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং শারীরিকভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও অভিযুক্ত ব্যক্তি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ঠাকূরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠাকূরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য চরম হুমকি। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।














