নির্বাচনী প্রচারণায় শিশু ব্যবহার বন্ধে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
শিশুবান্ধব নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ গ্রিন পিস ও এনসিটিএফ-এর
- আপডেট সময় : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণাসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার বন্ধ এবং তাদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মুহ. সাদ্দাম হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিটি গ্রহণ করে ইউএনও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবর সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর ও এনসিটিএফ বেতাগী শাখার সভাপতি মোঃ আরিফুর ইসলাম মান্নার নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, এনসিটিএফ সাধারণ সম্পাদক তাকওয়া তারিন নূপুর, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য মোঃ আরিফ হাসান, তৌহিদ হোসেন, ইসমাত মাহাজাবিন বিন্তী, মোঃ ইমন ও নিসা মনি প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮)’ এবং ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ অনুযায়ী শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
অথচ বিভিন্ন নির্বাচনী মিছিল ও প্রচারণায় শিশুদের সামনের সারিতে রাখা, উস্কানিমূলক স্লোগান দেওয়ানো, পোস্টারিং ও মাইকিংয়ে নিয়োজিত করার মতো ঘটনা ঘটছে, যা শিশুদের শারীরিক নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি।
স্মারকলিপি গ্রহণকালে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধের দাবিটি অত্যন্ত সময়োপযোগী ও মানবিক।উপজেলা প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল ও প্রার্থীদের ওপর প্রশাসনের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় ভূমিকা অপরিহার্য।এ দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।














