নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বারসিকের উদ্যোগ
মানিকগঞ্জে রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে বারসিকের সচেতনতামূলক কর্মসূচি
- আপডেট সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

“প্রকৃতি সুরক্ষিত রাখি, কীটনাশকে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে গ্রীন কোয়ালিশন ও বারসিকের সহযোগিতায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নে রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি প্রচারনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ নং হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৪০ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ১ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হালুয়াঘাটা গ্রামের কৃষক রুবেল হোসেন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক লৌসিন আক্তার ও হাসান মোল্লা রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর দিকগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
আলোচনায় শিক্ষক হাসান মোল্লা বলেন, বর্তমানে অধিক ফলনের আশায় কৃষকরা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন। এর ফলে একদিকে খাদ্য অনিরাপদ হয়ে পড়ছে, যা খাবারের সঙ্গে মানবদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অপরদিকে প্রকৃতির উদ্ভিদ, পাখি, মৌমাছি, ব্যাঙসহ উপকারী প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, জমির উর্বরতা কমে যাচ্ছে এবং কৃষকদের মধ্যে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। এতে গবাদিপশু ও পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বারসিকের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন বলেন, বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে তারা নিজেরা যেমন স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারবে, তেমনি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















