প্রতীক বরাদ্দের পর নাগেশ্বরীতে পৃথক কর্মসূচিতে মুখর রাজনীতি
প্রতীক বরাদ্দের পর কুড়িগ্রাম-১ আসনে শক্তি প্রদর্শন: পৃথক গণমিছিলে বিএনপি-জামায়াত
- আপডেট সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী উপজেলায় পৃথকভাবে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব গণমিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ।
বিএনপি তাদের নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণমিছিল বের করে। ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে বাজার পর্যন্ত মিছিলটি অগ্রসর হলে জনস্রোতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে সমর্থন চান বিএনপি নেতা-কর্মীরা।
অপরদিকে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এই মিছিল বের করা হয়। নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসভার বলদিটারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে বিএসসি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা সাধারণ ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উভয় দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতীক বরাদ্দের পর প্রকাশ্যে এমন নির্বাচনী কর্মসূচিকে নাগেশ্বরীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা হিসেবে দেখছেন সচেতন মহল।














