কাগজে ৬০ শিক্ষার্থী, বাস্তবে প্রাক-প্রাথমিকে মাত্র একজন উপস্থিত
জামালপুরে ৫ শিক্ষক থাকলেও শিক্ষার্থী মাত্র ১, সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আপডেট সময় : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম হাওলাদার | জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব চিত্র উদ্বেগজনক হয়ে উঠেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭১নং গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। পরিদর্শনকালে দেখা যায়, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণে কোনো ঘাটতি নেই। সব সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থী সংকটে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রাক-প্রাথমিক শ্রেণিতে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। অথচ কাগজে-কলমে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন দায়সারা জবাব দিয়ে বলেন, এলাকায় মাদ্রাসামুখী প্রবণতা বাড়ায় শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা সম্ভব হচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানান তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।














