বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ: শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ
- আপডেট সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান | কটিয়াদী (কিশোরগঞ্জ):
আজ ঐতিহাসিক ১৯ জানুয়ারি।বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। শৈশব ও কৈশোরকাল বগুড়া ও কলকাতায় অতিবাহিত করার পর তিনি পিতার কর্মস্থল করাচিতে যান।
শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
দেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্রগঠনে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা অবিস্মরণীয়। তিনি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন পেশাদার সৈনিক হয়েও দেশের সংকটময় মুহূর্তে তিনি বারবার নেতৃত্ব দিয়েছেন।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বাক ও মত প্রকাশের স্বাধীনতা যখন সংকুচিত হয়েছিল, তখন ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন। তার হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় হয়।
সময় ও প্রয়োজনের তাগিদে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বেগম খালেদা জিয়া পরপর তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের শক্ত ভিত্তিকে প্রতিফলিত করে।
সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও নিরলস পরিশ্রমে ভরপুর শহীদ জিয়াউর রহমানের জীবন আজও নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।






















