শীতে কাঁপতে থাকা দিনমজুর ও পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়াল কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জে ভাসমান শ্রমিকদের হাট ও ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার মোড়ে অস্থায়ী শ্রমিকের হাটে দিনমজুর ও ভাসমান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিকশাচালক এবং চায়ের দোকানের কর্মচারীদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও নেশন ভয়েজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তারেক হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় প্রচণ্ড শীতে কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন শ্রমজীবী ও দরিদ্র মানুষরা। রশিদাবাদ থেকে শ্রম বিক্রি করতে আসা ভাসমান শ্রমিক আব্দুল মোতালেব বলেন, ‘ভোর থেকে কাজের আশায় বসে থাকি। শীতে শরীর জমে যায়।এই সময় কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে।’
পৌরসভার নারী পরিচ্ছন্নতা কর্মীরা জানান, ভোরবেলা রাস্তা পরিষ্কার করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডার সম্মুখীন হতে হয়। কম্বল পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, ‘সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’
পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।






















