শাবিপ্রবির শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন
শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন
- আপডেট সময় : ০৫:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন দায়ের করা হয়। আবেদনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন দুপুরে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।
রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করেছে। সে কারণে শাকসু নির্বাচন আয়োজন আইনসঙ্গত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে নির্বাচন কমিশনের স্থগিতাদেশের কারণে প্রার্থীদের প্রচারণা ব্যাহত হওয়ায় শাকসু নির্বাচনের প্রচারণার সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।






















