আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার
আদিতমারী–কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জনতার দলের মতবিনিময় সভা, কলম মার্কায় ভোট চাইলেন শামীম কামাল
- আপডেট সময় : ১২:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

লালমনিরহাট-২ আসনের অন্তর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনতার দলের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল, এনডিইউ (চীন), এএফডব্লিউসি, পিএসসি, এলএলবি, এমফিল। তিনি বলেন, তাঁর পিতা মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপি একাধারে সাতবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সেই ঐতিহ্যবাহী আসন পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি লালমনিরহাট-২ আসন থেকে জনতার দলের প্রতীক কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে জনতার দল ইতোমধ্যে নিবন্ধন লাভ করেছে এবং দলের প্রতীক কলম। উত্তরবঙ্গের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার অবহেলিত সড়ক সংস্কার, তিস্তা নদী খনন, মহিষতুলী–মালদাহ–রত্নাই নদীতে সেতু নির্মাণসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
দুর্নীতিমুক্ত দেশ গঠনের প্রত্যয়ে কলম মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কলম মার্কার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
সভা শেষে হেভিওয়েট প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।






















