নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর সংঘর্ষ, নিহত নজরুল ইসলাম
ময়মনসিংহ-১ আসনে ছুরিকাঘাতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী নিহত, আটক ২
- আপডেট সময় : ০৯:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে।
নিহত মো. নজরুল ইসলাম (৪০) ঘোষগাঁও ইউনিয়নের বাকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনের কিছুক্ষণ পর বিএনপির দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর অভিযোগ করে বলেন, “আমার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরপরই বিএনপির দলীয় প্রার্থীর সমর্থকেরা হামলা চালায়। পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে আমার একজন কর্মীকে হত্যা করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ বলেন, “প্রাথমিকভাবে শুনেছি এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। রাজনৈতিকভাবে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।














