সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার
ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবির অভিযান: মাদকসহ দুই চোরাকারবারি আটক
- আপডেট সময় : ০৯:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
চকিলাম বিওপি সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ৫টা ৫০ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার ছোট মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিকাশ সরেনের বাড়ির সামনে থেকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
(১) মোঃ আবু রায়হান (৩৮), পিতা-মৃত সোনতাজ উদ্দিন, গ্রাম-খায়ের বাড়ি এবং
(২) মোঃ ময়নুল ইসলাম (৪০), পিতা-মৃত মোখলেজার রহমান, গ্রাম-দাদনপুর।
উভয়ের পোস্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ।
বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্যসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ সকল আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।






















