রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান
কুমিল্লার বুড়িচংয়ে থানা পুলিশের অভিযানে ৩৪৮৬ পিস ইয়াবা ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:৪৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪শ’ ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামির নাম ইব্রাহিম আলী (৪৩)। তিনি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির মৃত রেসত আলী রেসুর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহপরানের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ইব্রাহিম আলীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গুড়া ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।














