গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান, বকুলতলার টিনশেড ভবন থেকে ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
নেছারাবাদে জেলা ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা আটক
- আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

মোং ইব্রাহিম হাওলাদার |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল, এসআই মোস্তফা শওকত হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি টিনশেড ঘর থেকে ১০০ পিস ইয়াবা ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—রাকিবুল ইসলাম রাকু (৪৪), হেমায়েত উদ্দিন, তার ছেলে জহিরুল ইসলাম, জহিরুল ইসলামের ছেলে বেল্লাল, সাইফুল ইসলাম (৩১) এবং বলদিয়া ইউনিয়নের রাজবাড়ী গ্রামের আল মামুন মাসুমের ছেলে বাহাদুর রাজু (২৪)।
ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই এলাকায় টিনশেড ভবন ব্যবহার করে ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট বিক্রি করছিল। পরে এসআই মোস্তফা শওকত হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।
মামলাটি নেছারাবাদ থানার মামলা নং-৭ হিসেবে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই মোস্তফা শওকত হোসেন সাংবাদিকদের বলেন, “মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, কারো ছাড় দেওয়া হবে না।”






















