রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন
গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায়ের অভিযোগ, এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় গোদাগাড়ীর সাহাব্দিপুর মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে নানা অনিয়ম, হয়রানি ও শোষণের অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী আবুল কালাম অভিযোগ করে বলেন, সাংবাদিক সাইফুল নিজে কোনো সংবাদ প্রকাশ না করে অন্য সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি করতেন।
একটি দুর্ঘটনার সংবাদকে কেন্দ্র করে কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করা হয় বলেও তিনি দাবি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রশাসনের সঙ্গে সখ্যতার কথা বলে ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন সাইফুল এবং পরে সেই অর্থ নিজেই ভাগ করে নিতেন।
এসব ঘটনায় মামলা ও হামলাসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন তারা। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।
স্থানীয় শহীদুল ইসলাম বলেন, “এই ধরনের ব্যক্তি প্রশাসনের সুযোগ-সুবিধা ব্যবহার করে সাধারণ মানুষের অধিকার লুট করছে। আমরা চাই, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।”
এছাড়াও মহিশালবাড়ী বাজার কমিটির এক কর্মচারী (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করেন, সাইফুল বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন কর্মচারীদের বেতন আত্মসাৎ করেছেন এবং অতিরিক্ত বিল দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। এসব অনিয়মের কারণে তারা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন বলে জানান।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে অর্থ আদায়ের মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।






















