নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের দাবি
বিশ্বকাপ নিয়ে অনড় অবস্থান বিসিবির, ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল
- আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না করার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবিতে আবারও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বোর্ড।
মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে জাতীয় দল পাঠানো ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বোর্ড। ফলে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই। যদিও আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশ করা হয়েছে এবং তারা বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের জন্য আইসিসির কাছে পুনরায় প্রস্তাব দেওয়া হয়েছে।
আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে সংকট সমাধানে একমত হয়েছে এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে পারস্পরিক আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






















