অনুমতি ছাড়াই ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ
নান্দাইলে ফসলি জমিতে অবৈধ খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

নান্দাইল,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় এলাকায় ফসলি জমির ওপর দিয়ে জোরপূর্বক ও অবৈধভাবে খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) খাল খননস্থলেই স্থানীয় কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অভিযোগকারীরা জানান, চন্ডীপাশা ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুব আলমের নেতৃত্বে কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন ছাড়াই এই খাল খননের কাজ শুরু করা হয়। এতে এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসী বলেন, যে স্থানের ওপর দিয়ে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে প্রায় ৬০–৭০ বছর আগে একটি খাল থাকলেও গত ৪০–৫০ বছর ধরে সেখানে খালের কোনো অস্তিত্ব বা চিহ্ন নেই।
বর্তমানে ওই জমিগুলো স্থানীয় কৃষকদের ব্যক্তি মালিকানাধীন আবাদি ফসলি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ জমির মালিকদের কোনো অনুমতি না নিয়েই গায়ের জোরে খাল খননের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এক ইউনিয়নের লোকজন অন্য ইউনিয়নের এলাকায় এসে অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটছে। এতে দুই গ্রামের কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাল খননে বাধা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে, যা বড় ধরনের মারামারি ও সংঘাতের আশঙ্কা তৈরি করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জমির মালিকরা সাময়িকভাবে সরে যান।
পরে এলাকাবাসী বিষয়টি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে খাল খননের কাজ বন্ধের নির্দেশ দেন।
একইসঙ্গে তিনি জানান, দুই ইউনিয়নের সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে বিষয়টির একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান করা হবে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।




























