উলিপুরে আহত ময়ূর উদ্ধার, রংপুর বন বিভাগে হস্তান্তর
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
- আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান বিপুল | কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। উদ্ধারকৃত ময়ূরটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে ময়ূরটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে প্রথম ময়ূরটিকে দেখতে পান তারা।
পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে সেটি আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন।
স্থানীয়দের ভাষ্যমতে, উদ্ধারকৃত ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি। খবর পেয়ে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ময়ূরটিকে উদ্ধার করেন।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”






















