শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগ ত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা
সালথায় আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ, শতাধিক কর্মীসহ খেলাফত মজলিসে যোগদান
- আপডেট সময় : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। আওয়ামী লীগের ৫ জন প্রভাবশালী নেতা দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়াদা মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানকারী নেতারা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিরাজ মোল্লা বলেন, ফরিদপুরের প্রবীণ ও সম্মানিত আলেম আল্লামা শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা আজ আওয়ামী লীগ ত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছি। কোনো ধরনের লোভ, স্বার্থ বা চাপ ছাড়াই আমরা স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আল্লামা শাহ মোহাম্মদ আকরাম আলীর ব্যবহার, আচার-আচরণ ও ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শতাধিক নেতাকর্মীসহ তার নেতৃত্বে কাজ করার অঙ্গীকার করছি ইনশাআল্লাহ।
এ ঘটনায় সালথা উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






















