ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার ১৭ উপজেলায় ধাপে ধাপে পাঠানো হচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম
কুমিল্লায় ১১ আসনের নির্বাচনের প্রস্তুতি, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম
- আপডেট সময় : ০২:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জেলার ১১টি সংসদীয় আসনের আওতাধীন ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ধাপে ধাপে পাঠানো হচ্ছে ভোটগ্রহণে ব্যবহৃত বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম ধাপে ব্যালট পেপার ছাড়া সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রয়োজনীয় সব ধরনের নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়।
পাঠানো সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, সিল, কালি, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, গানি ব্যাগসহ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য বিভিন্ন উপকরণ।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব নির্বাচনী সামগ্রী নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও একযোগে চলমান রয়েছে, যাতে ভোটগ্রহণের দিন কোনো ধরনের জটিলতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ভোটকেন্দ্রের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সরঞ্জাম বিতরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম ধাপে ব্যালট পেপার ছাড়া সব সরঞ্জাম পাঠানো হয়েছে, দ্বিতীয় ধাপে মনিহারি ও অন্যান্য সহায়ক সামগ্রী সরবরাহ করা হবে এবং সর্বশেষ ধাপে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে ব্যালট পেপার সরবরাহ করা হবে।
বর্তমানে এসব নির্বাচনী সরঞ্জাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হচ্ছে। ভোটগ্রহণের একদিন আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৯২টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সংসদ নির্বাচনের ব্যালট পেপার সরাসরি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা হবে এবং গণভোটের ব্যালট পেপার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হবে। ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণভোটের ব্যালট পেপার পৌঁছেছে বলেও তিনি নিশ্চিত করেন।














