পিএবি সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, পুলিশ তদন্ত শুরু
কর্ণফুলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায়।
নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের গোলাম শরীফের ছেলে। স্থানীয়রা জানান, আব্বাস একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের একাংশের দাবি, কক্সবাজারগামী গ্রীনল্যান্ড পরিবহনের একটি বাস দুর্ঘটনায় জড়িত থাকতে পারে। তবে পুলিশ এখনও এই তথ্য নিশ্চিত করেনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর জামান বলেছেন, “ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”














