রাজশাহী জেলা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালায়, ভবিষ্যৎ করণীয় ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ।
রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা: আইএলও ও সরকারের যৌথ উদ্যোগে সমন্বিত পরিকল্পনা
- আপডেট সময় : ০৫:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জীবন | রাজশাহী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, যিনি শুরুতে স্বাগত বক্তব্যে শিশুশ্রম নিরসনের উদ্দেশ্য তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ, এবং প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূইয়া শিশুশ্রম নিরসনে কার্যকরী নীতিমালা ও সরকারের পরিকল্পনা সম্পর্কে সংবেদনশীল বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. এম. ফখরুল ইসলাম শিশুশ্রমের বাস্তব চিত্র ও নির্মূলের উপায় তুলে ধরেন।
শিশুশ্রম নিরসনে অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থাপনা করেন মোসা. জুলিয়া জেসমিন, যুগ্ম মহাপরিদর্শক, ডিআইএফই, এবং জাতীয় পরামর্শক হালিমা আক্তার, আইএলও বাংলাদেশ জাতীয় প্রেক্ষাপটে শিশুশ্রম পরিস্থিতি ও আইএলও’র সহায়তা তুলে ধরেন। এছাড়া, মো. শাহিনুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ বাংলাদেশ শিশুশ্রম নিরসন ও কর্মসংস্থানের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবগণ, বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। প্লেনারি আলোচনায় ভবিষ্যৎ করণীয় ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়।
কর্মশালাটি টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
শ্রম পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন বলেন, “শিশুশ্রম শুধু শ্রম আইন লঙ্ঘন নয়, এটি একটি সামাজিক অপরাধ। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি।”






















