গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের উদ্যোগ, ভোটারদের সচেতন করার আহ্বান
- আপডেট সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম তুহিন | বান্দরবান প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা তথ্য অফিস (লামা–আলীকদম–নাইক্ষ্যংছড়ি) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও শক্তিশালী করতে নির্ধারিত সময়ে সঠিকভাবে ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—প্রশাসন সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং উপজেলা মার্কেটিং কর্মকর্তা। বক্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি,নির্বাচন-পূর্ব প্রস্তুতি, ভোটকেন্দ্রের আচরণবিধি এবং আইনগত দিকসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন। এ ধরনের জনসচেতনতামূলক সভা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।






















