সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সুষ্ঠু নির্বাচনের দাবি শিবিরের
জকসু নির্বাচন: শিবির প্রার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
- আপডেট সময় : ১২:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

গোলাম মাওলা | জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি জানালে ছাত্রদলের কর্মীরা প্রার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে তেড়ে আসে। একই ধরনের ঘটনার শিকার হয়েছেন দর্শন বিভাগে দায়িত্বপ্রাপ্ত আমাদের এজেন্টরাও।
তিনি আরও অভিযোগ করেন, প্রধান ফটক এলাকায় ছাত্রদলের কর্মীরা ধাক্কাধাক্কি শুরু করে। শিবিরের পক্ষে স্লিপ বিতরণে অংশ নেওয়া শিক্ষার্থীদের হেনস্থা করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের কাছ থেকে শিবিরের স্লিপ কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে।
রিয়াজুল ইসলাম বলেন, দর্শন বিভাগে ছাত্রদল নিয়ম ভেঙে প্যানেল পরিচিতি দিতে থাকলে আমাদের এজেন্ট বাধা দেন। এ সময় কেন্দ্রের ভেতরেই তাকে মারধরের চেষ্টা করা হয়। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।














