পুনরায় টেস্ট পরীক্ষার দাবিতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এসএসসি টেস্টে উত্তীর্ণের দাবিতে লালমনিরহাট সরকারি স্কুলের ফটকে আগুন জ্বালিয়ে অবরোধ
- আপডেট সময় : ০৬:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

আশিকুজ্জামান রানা | লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
হঠাৎ এ ঘটনায় বিদ্যালয়ের ভেতরে শিক্ষক ও শিক্ষিকারা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুনরায় টেস্ট পরীক্ষার দাবিতে প্রধান ফটকে অবস্থান নেয় এবং প্রতিবাদ জানায়।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন নিজেই আগুন নিভিয়ে দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্ত করেন। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে উত্তীর্ণ করা হলেও একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।
এ বছর লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪৮ জন ছাত্র এবং লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৯ জন ছাত্রী টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা দাবি করেছে, পারিবারিক ও অন্যান্য নানা সমস্যার কারণে তারা পরীক্ষায় ভালো ফল করতে পারেনি। পুনরায় টেস্ট পরীক্ষার সুযোগ চেয়ে তারা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনও জমা দিয়েছে।














