মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা, বাতিল প্রার্থী আপিল করতে পারবেন
চট্টগ্রাম-১৬ আসনে ৯ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল, ৮ জনের বৈধ ঘোষণা
- আপডেট সময় : ০৬:২৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

মোনতাহেরুল হক আমিন | চট্টগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা এ ঘোষণা দেন।
এতে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আয়কর সংক্রান্ত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলীর মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে বিকেল ৪টার পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী, নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ, সুন্নী জোটের আবদুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র কফিল উদ্দীন চৌধুরী এবং বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বশির আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জামশেদুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদারসহ প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।






















