কুমিল্লার ১, ২ ও ৩ আসনে জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিএনপি ও অন্যান্য দলের কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধতা পেলেন বিএনপি ও অন্যান্য প্রার্থীরা
- আপডেট সময় : ১১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— আবু জায়েদ আল মাহমুদ (স্বতন্ত্র), ওমর ফারুক (স্বতন্ত্র), কাজী মোহাম্মদ ওবায়েদ উল্লাহ (স্বতন্ত্র), বড়ুয়া মনোজিত ধীমন (বাংলাদেশ জাসদ), সৈয়দ মো. ইফতেকার আহসান (জাতীয় পার্টি), মো. আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. রমিজ উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি), মনিরুজ্জামান (গণঅধিকার পরিষদ), মো. ইউসুফ সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আ. করিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. মাসুদ রানা (আমজনতার দল), আবদুল্লাহ আল ক্বাফী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) ও কামরুন্নাহার সাথী (বাসদ)।
অন্যদিকে যাচাই-বাছাই শেষে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নও বৈধতা পায়।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল বলেন, একটি ছোট ত্রুটির কারণে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হবে।
উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি অথবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
এদিকে কুমিল্লার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র শনিবার যাচাই-বাছাই করা হবে।














