ভোর থেকে চার ঘণ্টার অভিযানে পাঁচ স্থানে চোরাচালান বিরোধী তৎপরতা জোরদার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ
- আপডেট সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ০২ জানুয়ারি ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, ফতেপুর বিওপি থেকে পরিচালিত অভিযানে শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া রঘুনাথপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মাসুদপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি থেকে মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।














