নির্বাচনের আগে এনসিপিতে একের পর এক পদত্যাগ, দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের পদত্যাগ, রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত
- আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত মিলছে। দলটির গুরুত্বপূর্ণ পদ ‘যুগ্ম মুখ্য সমন্বয়ক’ থেকে পদত্যাগ করেছেন খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে মুরসালীন উল্লেখ করেন, তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কের পাশাপাশি দলটির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, সর্বশেষ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
দল ছাড়লেও সক্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করে জানান তিনি। ফেসবুক পোস্টে মুরসালীন লেখেন,
“এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ।”
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন তিনি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপির মতো নতুন রাজনৈতিক দল থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলছে। বিশেষ করে জুলাই বিপ্লবের পর গঠিত এই দলের অভ্যন্তরীণ ঐক্য ও সাংগঠনিক শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুরসালীনের পদত্যাগ এনসিপির সাংগঠনিক ও মিডিয়া কার্যক্রমে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে রাজপথে সক্রিয় থাকার ঘোষণায় ধারণা করা হচ্ছে, তিনি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক জোটে যোগ দিতে পারেন অথবা স্বতন্ত্র রাজনৈতিক ভূমিকা পালন করবেন।














