প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন, রাষ্ট্র ও দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

মাহবুব হাসান | স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত নামাজে জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজে জানাজা শেষে সংসদ ভবনের উত্তর পার্শ্বে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধি প্রাঙ্গনে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফন কার্যক্রম শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কর্তৃক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করেন। আজ সকাল আনুমানিক ৯টায় মরদেহ হাসপাতাল থেকে গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’-তে আনা হয় এবং দুপুর আনুমানিক ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার উদ্দেশ্যে আনা হয়। সম্পূর্ণ রুটজুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
দাফন কার্যক্রমে একটি সুসজ্জিত গান ক্যারেজে করে সশস্ত্র বাহিনীর সদস্যরা মরদেহ বহন করেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়গণ তাঁকে দাফন করেন। রাষ্ট্রীয় সম্মাননা পর্বে সশস্ত্র বাহিনী ভলি ফায়ার প্রদর্শন করে এবং মহামান্য রাষ্ট্রপতির, প্রধান উপদেষ্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে জনাব তারেক রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। চূড়ান্তভাবে সশস্ত্র সালামের মাধ্যমে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।














