গোলাপগঞ্জের উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিক সংগঠনের আলোচনা
- আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

ইলিয়াস আহমদ | গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলামের সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, সভাপতি ইলিয়াস আহমদ, সহ-সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে ইলিয়াস আহমদ নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ইউএনওর হাতে তুলে দেন।
এ সময় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, নদী দখলমুক্ত করা, ময়লা-আবর্জনা পরিষ্কার, পৌর শহরের যানজট নিরসন, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, পৌরকর সহজীকরণ এবং সড়ক উন্নয়ন।
উপস্থিতদের মতামত শুনে নবাগত ইউএনও মোঃ রফিকুল ইসলাম বলেন, গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শতভাগ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাশত করা হবে না। সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান ইউএনও।






















