পটুয়াখালী পৌর পার্কে দিনব্যাপী আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার সদস্যরা
ইয়ুথ পাওয়ার পটুয়াখালী’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন ২০২৫ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

তাইজুল ইসলাম | পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে ইয়ুথ পাওয়ার পটুয়াখালী’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পটুয়াখালী পৌর পার্কে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানস্থল রঙিন ব্যানার, ফেস্টুন, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে ইয়ুথ পাওয়ারের সদস্য, দায়িত্বশীল নেতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল সংগঠনের মানবিক কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরা।
সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও বন রক্ষা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বদরুজ্জামান শামিম। তিনি বলেন, তরুণদের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইয়ুথ পাওয়ারের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
প্রধান অতিথি ডা. জিয়াউর রহমান বলেন, ইয়ুথ পাওয়ার কেবল একটি সংগঠন নয়, এটি তরুণদের নেতৃত্ব ও সমাজকল্যাণের প্রতীক। তরুণরা ঐক্যবদ্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে উপদেষ্টা মারুফা সুলতানা গলাচিপা উপজেলার কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ হোসেন বলেন, ইয়ুথ পাওয়ার তরুণদের স্বপ্ন ও মানবসেবার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলন সংগঠনের সাংগঠনিক শক্তি ও সামাজিক দায়বদ্ধতাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।






















