রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টির অভিযোগ
সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ
- আপডেট সময় : ০৭:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

কামাল খান | কানাইঘাট (সিলেট):
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালারচক গ্রামের একটি ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সরকারিভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হলেও তা বাতিলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালারচক গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকাটির শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই সড়কটির উন্নয়নের জন্য সরকার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সকল বিধি-বিধান অনুসরণ করে টেন্ডার আহ্বান ও ঠিকাদারি কার্যাদেশ প্রদান করে।
কিন্তু উন্নয়ন কাজ শুরু হওয়ার আগেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে প্রকল্পটি বাতিল করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের অপপ্রচার সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করছে এবং উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। স্থানীয় সচেতন মহলের মতে, এটি শুধু একটি রাস্তা উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেই নয়, বরং সরকারের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের শামিল।
তারা দ্রুত অপপ্রচার বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।






















