হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, ইনকিলাব মঞ্চের কঠোর কর্মসূচি
হাদীর রক্তের বিচার চাই—শাহবাগে অবরোধে নামল ইনকিলাব মঞ্চ
- আপডেট সময় : ০৫:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও ছাত্রজনতা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা ভারতীয় আধিপত্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন। “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অবরোধ চলাকালে ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। তিনি বলেন, “প্রয়োজনে আমরা শাহবাগেই রাত্রিযাপন করব, তবুও ন্যায়বিচার আদায় করে ছাড়ব।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।






















