ডিবি পুলিশের অভিযানে শ্রীমন্তপুর গ্রাম থেকে মাদকসহ আটক সাবেক ইউপি সদস্য
পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ৬শ’ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাখাওয়াত হোসেন (৫০)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশি মদ বেচাকেনার সময় শাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।














