হারভেস্ট প্লাস ও ইএসডিও’র উদ্যোগে ১০০ কৃষকের মাঝে ৪০০ কেজি ব্রি ধান-৭৪ বীজ বিতরণ
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের বাস্তবায়নে এবং ইএসডিও’র আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আলমগীর কবির।
এসময় আরও বক্তব্য দেন বালিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিঅ্যাক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশিরসহ ইএসডিও’র অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, জিংক ঘাটতির লক্ষণ ও তা নিরসনের উপায়, জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং এসব ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী কৃষকরা আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গমের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৪ কেজি করে মোট ৪০০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-৭৪ এর ভিত্তি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।






















