৪১ কোটি টাকার আরসিসি সড়ক উদ্বোধন, রাউজানবাসীর দৈনন্দিন চলাচল সহজ হবে
রাউজানে প্রবাসী জসিম উদ্দিনের অর্থায়নে ৪ কিলোমিটার আরসিসি সড়ক উদ্বোধন, এলাকাবাসীর সুবিধা বৃদ্ধি
- আপডেট সময় : ০৬:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজানে প্রবাসী ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৪ কিলোমিটার দীর্ঘ আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি কাপ্তাই সড়ক থেকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া–হামজার পাড়া পর্যন্ত বিস্তৃত। স্থানীয়রা এই সড়ককে “আলহাজ জসিম উদ্দিন সড়ক” নামে নামকরণ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বড়ঠাকুর পাড়া বাজার মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন আলহাজ মুহাম্মদ রফিক, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও সমাজসেবী।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষানুরাগী রেজাউর করিম চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মুহাম্মদ মোক্তার আহমদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রমজান আলী।
সড়কটি ২০ থেকে ২২ ফুট প্রশস্ত করে উন্নতমানের লোহা, বিদেশি পাথর ও সিলেটের বালু ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫–২০ দিনের মধ্যে ঢালাই কাজ সম্পন্ন হওয়ার কথা। পাশাপাশি সড়কের দু’পাশে শতাধিক সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। প্রতিটি লাইটে ব্যয় হবে প্রায় ৫০ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রবাসী ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিনের এই উদ্যোগ এলাকার জন্য বড় উপকারে আসবে।
উল্লেখযোগ্য, বাংলাদেশ ব্যাংক থেকে ছয়বার সেরা রেমিটেন্স প্রেরণকারীর পুরস্কারপ্রাপ্ত জসিম উদ্দিন পূর্বেও নোয়াপাড়া ও রাউজান এলাকায় শতকোটি টাকা ব্যয়ে অন্তত ৮–৯টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণ করেছেন।






















