বোটানিক্যাল গার্ডেনে পোস্টার বিকৃতির ঘটনায় শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া
জকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি-জিএসসহ চার প্রার্থীর পোস্টার বিকৃতি, ক্যাম্পাসে নিন্দার ঝড়
- আপডেট সময় : ১১:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি ও জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এসব বিকৃত পোস্টার দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ২টার দিকে বোটানিক্যাল গার্ডেনের লোহার রেলিংয়ে ঝুলানো অবস্থায় শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম এবং মো. আব্দুল্লাহ আল ফারুকের ছবি কালি দিয়ে বিকৃত করা পোস্টার পাওয়া যায়।

ঘটনার পরপরই বিকৃত পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক জিলন লেখেন, “যারা এই কাজটি করেছে, এটা পিউর নোংরামি। সুন্দর একটি জকসুকে নোংরা করবেন না।”
শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সব সময় সহাবস্থান ও সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। ছবি বিকৃত করার মতো নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা জানাই। ৩০ ডিসেম্বরের নির্বাচনে শিক্ষার্থীরা এর জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।”
এ বিষয়ে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ও ইতিবাচক রাজনীতি চাই। পোস্টার ও ছবি বিকৃত করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না।”
এ প্রসঙ্গে জকসু নির্বাচন কমিশনার ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম বলেন, “পোস্টার বিকৃতির বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, তাই মন্তব্য করতে পারছি না।”






















