পারিবারিক কলহের জেরে শাশুড়িকে খালে চুবিয়ে হত্যার অভিযোগ, দীর্ঘ দুই মাস পর র্যাবের অভিযানে গ্রেপ্তার
কুমিল্লা তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা: মূল আসামি জামাল শিকদার র্যাবের জালে
- আপডেট সময় : ০১:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামি জামাল শিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১১ ও সিপিসি-২ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মোঃ জামাল শিকদার (৫০) কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের সিকদার বাড়ির মোঃ দিলু মিয়া সিকদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখে তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আসামি জামাল শিকদার তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে স্ত্রী ও কন্যাকে গালিগালাজ করে। একপর্যায়ে তার মেয়ে মারিয়া আক্তার (১৭)’কে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে।
ঘটনাটি জানতে পেরে শাশুড়ি সুফিয়া বেগম (৭০) প্রতিবাদ জানাতে আসামির বাড়িতে এলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাল শিকদার শাশুড়িকে মারধর করে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করে।
ঘটনার সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে র্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।














