দিঘলটারী বিওপির পৃথক দুটি অভিযানে ২টি ভারতীয় গরুসহ প্রায় ২ লাখ ৮১ হাজার টাকার মালামাল জব্দ
আদিতমারীর দিঘলটারী কুটিবাড়ি সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৫:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

সঞ্জয় কুমার |আদিতমারী উপজেলা প্রতিনিধি:
আদিতমারী উপজেলার দিঘলটারী কুটিবাড়ি সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলটারী বিওপির একটি বিশেষ টহলদল সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর কুটিবাড়ি কাউয়ার বাজার সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় সীমান্ত থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এদিকে, এর আগের দিন রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই বিওপির আওতাধীন নামাটারী সীমান্ত এলাকায় টহল চলাকালে একটি বাইসাইকেলযোগে আসা সন্দেহজনক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বাইসাইকেল রেখে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ১২ কেজি ভারতীয় জিরা,৩৮ কেজি চিনি,১০ কেজি ফুসকা,একটি কম্বল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।১৫ বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ২টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮১ হাজার ৬৮০ টাকা।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম,পিএসসি বলেন,
“চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কাউয়ার বাজার ও আশপাশের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”






















