কালিয়াকৈরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো নির্বাচনী মতবিনিময় সভা
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের সঙ্গে কালিয়াকৈর মৎস্য আড়তদারদের মতবিনিময়
- আপডেট সময় : ০৬:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

শাকিল হোসেন | কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক সফল মেয়র মোঃ মজিবুর রহমানের সঙ্গে কালিয়াকৈর উপজেলার মৎস্য আড়তদার ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং মৎস্য ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়।
কালিয়াকৈর মৎস্য আড়তদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।
তিনি বলেন, “মৎস্য ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে মৎস্য খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
কালিয়াকৈর মৎস্য আড়তদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান মাস্টার, গাজীপুর জেলা জার্সাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুম আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মৎস্য আড়তদার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।














