ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সচেতন ভোটার গড়তে মাঠপর্যায়ে প্রশাসনের উদ্যোগ
আলীকদমের পাহাড়ি জনপদে নির্বাচনী সচেতনতা: আচরণবিধি ও গণভোটে প্রশাসনের উঠান বৈঠক
- আপডেট সময় : ০৮:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল-মামুন |বান্দরবান প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলার পাহাড়ি জনপদে ভোটার সচেতনতা কার্যক্রম জোরদার করেছে প্রশাসন। দুর্গম ও প্রত্যন্ত এলাকার সাধারণ ভোটারদের নির্বাচনকালীন আচরণবিধি, ভোটাধিকার প্রয়োগের সঠিক পদ্ধতি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে মাঠপর্যায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে উঠান বৈঠক।
এরই ধারাবাহিকতায় রোববার (২১ ডিসেম্বর ২০২৫) লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক পাড়ায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
উঠান বৈঠকে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা, নির্ভয়ে ও সঠিকভাবে ভোট প্রদান, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং গণভোটে দায়িত্বশীল ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার। তিনি বলেন, “একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মূলভিত্তি হলো সচেতন ভোটার। নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ ও গণভোটে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই গণতন্ত্রকে আরও সুসংহত করা সম্ভব।”
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা নির্বাচন ও গণভোট প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং মতামত প্রদান করেন, যা একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পাহাড়ি ও দুর্গম এলাকাগুলোতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














